বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের বোয়ালখালীতে এক অটোরিকশা চালককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করার পর গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মূল আসামী রিগ্যান বিশ্বাস (৪০) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশা এবং ধারালো অস্ত্র, যা অপরাধে ব্যবহৃত হয়েছিল।
গ্রেফতারকৃত রিগ্যান বিশ্বাস বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাম দুলাল বৈদ্যের বাড়ির মৃত স্বপন বিশ্বাসের সন্তান।
পুলিশ জানিয়েছে,গত ০৪ জুন ২০২৬ইং দুপুর ১টার দিকে কধুরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অশ্বনী চন্দের বাড়ির সামনে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। ভিকটিম, আবদুল নবী (৪৭), যিনি পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের বাসিন্দা, তাকে হত্যা করতে রিগ্যান ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন এবং পরে তার নীল রঙের অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যান।
ঘটনার পর বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। প্রযুক্তিগত সহায়তায় আসামিকে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।
ছিনতাই হওয়া অটোরিকশাটি উপজেলার চরণদ্বীপ এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী রোজি আক্তার বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ-০৫/০৬/২০২৬)।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায়, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে এসআই নিংওয়াই মারমার নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে আসামির অবস্থান শনাক্ত করেন। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর মোগলটুলি এলাকা থেকে রিগ্যানকে গ্রেফতার করা হয়।
রিগ্যান বিশ্বাসের স্বীকারোক্তি অনুযায়ী, হাটহাজারী থানাধীন দক্ষিণ বুড়িশ্চর ধূপকুল এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ওসি মাহফুজুর রহমান বলেন, “এটি একটি নৃশংস ছিনতাইয়ের ঘটনা ছিল। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত মালামাল এবং অপরাধে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার হয়েছে। আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।”
বর্তমানে গুরুতর আহত আবদুল নবী চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
বার্তা কক্ষ :: 








