নিজেস্ব প্রতিনিধি::-চট্টগ্রামের উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত হোসেন।
তিনি ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা এস এম সামজাত হোসেন অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার ওরফে “গলা কাটা আবছার” দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছেন। অভিযুক্ত বিভিন্ন সময় সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি ও উশৃঙ্খল আচরণ করতেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময়ে রাস্তাঘাটে দেখা হলে অভিযুক্ত অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে হাতে ছুরি নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে তাকে হত্যার হুমকি, এলাকা ছাড়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত হোসেন জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব সংবাদদাতা 








