বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:-আসন্ন নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা ও গণভোটের প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বোয়ালখালী পৌরসভা কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট ব্যবস্থাপনা, গণভোটের প্রচার কার্যক্রম এবং পূর্বনির্ধারিত কিছু পরিদর্শন কার্যক্রম রয়েছে। এসব পরিদর্শন সম্পন্ন করতেই আমি এখানে এসেছি। বোয়ালখালী আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা সবাই গণভোটের প্রচার ও প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
তিনি আরও বলেন, এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং সংশ্লিষ্ট সবাই তা স্বীকারও করেছেন। আশা করছি, নির্বাচনের সময়ও এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে। এ জন্য সবাই আন্তরিকভাবে কাজ করছেন। আমি বিশ্বাস করি, এখানে একটি সুষ্ঠু ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের প্রমুখ।
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 





















